২১ এপ্রিল ২০১৪ - ০২:১২
সৌদি দূতাবাসে আশ্রয় নিয়েছে সিরিয়ায় তৎপর বহু জঙ্গি

সিরিয়ায় সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত বহু জঙ্গি লেবাননের সৌদি দুতাবাসে আশ্রয় নিয়েছে। একটি আরবি দৈনিক জানিয়েছে, এসব জঙ্গি যার যার দেশে ফেরার জন্য সৌদি দূতাবাসের সাহায্য চেয়েছে।

বার্তা সংস্থা আবনা : সিরিয়ায় সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত বহু জঙ্গি লেবাননের সৌদি দুতাবাসে আশ্রয় নিয়েছে। একটি আরবি দৈনিক জানিয়েছে, এসব জঙ্গি যার যার দেশে ফেরার জন্য সৌদি দূতাবাসের সাহায্য চেয়েছে।
দৈনিক কুদস আল-আরাবি জানিয়েছে, সম্প্রতি রক্তক্ষয়ী সংঘর্ষের পর সিরিয়ার সেনাবাহিনী কৌশলগত কালামুন অঞ্চলটি পুনর্দখলের পর এসব জঙ্গি পালিয়ে সীমান্তের ওপারে লেবাননে চলে যায়। তারা আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আন-নুসরা ফ্রন্টের সদস্য হিসেবে সিরিয়ায় সন্ত্রাসী তৎপরতা চালাতো।
এক খবরে জানা গেছে, সিরিয়ায় সরকারি বাহিনীর হাতে মার খেয়ে পলাতক কোনো সৌদি জঙ্গি লেবাননে প্রবেশ করতে চাইলে তাদেরকে ঢুকতে দেয়ার জন্য বৈরুতের কাছে আবেদন জানিয়েছে সৌদি দূতাবাস।
সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাস থেকে বিদেশি মদদপুষ্ট সহিংসতায় দেড় লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। এ ছাড়া, শরণার্থীতে পরিণত হয়েছে অন্তত ২০ লাখ মানুষ। প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের প্রচেষ্টায় জঙ্গিদের সার্বিক পৃষ্ঠপোষকতা দিচ্ছে সৌদি আরব, তুরস্ক ও কাতার।
গত মার্চ মাসে জঙ্গিদের সহায়তা দেয়ার জন্য সৌদি আরবের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ জানিয়েছে সিরিয়া। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ও নিরাপত্তা পরিষদের সভাপতি সিলভি লুকাসের কাছে লেখা চিঠিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরব এ অঞ্চলে জঙ্গিবাদ উস্কে দিচ্ছে। সিরিয়ায় সহিংসতার আগুনে রিয়াদ কীভাবে ইন্ধন যোগাচ্ছে তা ওই চিঠিতে তুলে ধরা হয়।